আশুরার রোজার ফযীলত
- ছাঈদ কোদালাভী
ইতিমধ্যে আপনারা মুহাররামের বিদআহ ও কূসংস্কার সম্পর্কে জানতে পেরেছেন, কিন্তু যে কাজটি এমাসে আমাদের করনীয় ও ফজিলত পূর্ণ তা হচ্ছে মুহাররমের ৯ ও ১০ তারিখের দূ'টি রোজা।
হাদিসে এসেছে—
عن أبي قتادة رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صيام يوم عاشوراء، فقال يكفر السنة الماضية.رواه مسلم والترمذي.
আবু কাতাদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হল, তিনি বললেন : ‘তা বিগত এক বছরের গুনাহের কাফফারা।’
( মুসলিম, তিরমিজি)
অন্য বর্ণনায় এসেছে—
عن أبي قتادة رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله.
(رواه مسلم)
‘আবু কাতাদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ...আশুরা দিনের রোজাকে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করবেন বলে আশা।’ (মুসলিম)
হাদিসে আরো এসেছে—
ইবনে আব্বাস রা. বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা পালন করলেন ও অন্যকে পালন করার নির্দেশ দিলেন তখন সাহাবাগণ বললেন : ‘এটা তো এমন এক দিবস যাকে ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে থাকে।’
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : ‘আগামী বছর এলে আমরা ইনশাআল্লাহ নবম তারিখে ও রোজা পালন করব।’ ইবনে আব্বাস রা. বলেন : ‘পরবর্তী বছর আসার পূর্বেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন।’ (মুসলিম)
হাদিসে এসেছে—
عن ابن عباس رضى الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود، وصوموا قبله يوما أو بعده يوما.(رواه أحمد)
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ‘তোমরা আশুরা দিবসে রোজা পালন করো ও এ ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। তোমরা আশুরার একদিন পূর্বে অথবা একদিন পরে রোজা পালন করবে। (আহমদ)
আশুরার রোজা পালনের পদ্ধতি
(ক) মহররম মাসের নবম ও দশম তারিখে রোজা রাখা। এ পদ্ধতি অতি উত্তম। কারণ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আশুরার রোজা পালনের সংকল্প করেছিলেন। ইতিপূর্বে আলোচিত ইবনে আব্বাস রা.-এর হাদিস এর প্রমাণ।
(খ) মহররম মাসের দশম ও একাদশ দিবসে রোজা রাখা। এ পদ্ধতিও হাদিস দ্বারা সমর্থিত। যদি কেউ নবম তারিখে কোন কারণে রোজা রাখতে না পারে তা হলে সে এ পদ্ধতিতে রোজা রাখবে।
শেয়ার করে আপনিও ছোয়াবের ভাগি হোন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন